দিদির উন্নয়নের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য, প্রচারে বেরিয়ে বললেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম

আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভায় প্রার্থী করেছেন স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যামকে। প্রার্থী ঘোষণার পর জগদ্দলের শিব পার্বতী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন সোমনাথবাবু।

জগদ্দল অঞ্চলের বাসিন্দারা ও স্থানীয় তৃণমূল কর্মীরা বরাবর রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানিয়ে এসেছিল যাতে এবার জগদ্দল কেন্দ্রে স্থানীয় স্বচ্ছ ভাবমূর্তির সর্বক্ষণের কোনও কর্মীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়। কর্মীদের সেই কথা মাথায় রেখে এবার সোমনাথ শ্যামকে প্রার্থী করেছে। সোমনাথবাবুও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। প্রচারের ফাঁকেই সোমনাথ শ্যাম সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, দিদি আমার উপর ভরসা করেছেন। আমি দিদির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাধ্যমিক পরীক্ষার সময় যেরকম মনে হয়েছিল, এখনো সেরকম ব্যাপারটা। তবে পড়াশোনা করলে কোনও কিছুই কঠিন নয়। জগদ্দল এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের আশীর্বাদে জিতে আসলে রাস্তাঘাট, শিল্প, আলো, জল কোনও কিছুই উন্নয়নের তালিকা থেকে বাদ পড়বে না। দিদির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *