আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ জুলাই:
রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক দম্পতির বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই ময়লা ফেলছিলেন তাঁদের প্রতিবেশী বিষ্ণুপদ মন্ডল নামে এক ব্যক্তি। ময়লা আবর্জনা, সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট, এমনকি পায়খানাও ফেলছিলেন অভিযুক্ত। বার বার বারণ করা হলেও শোনেননি অভিযুক্ত ব্যক্তি।
এ বিষয়ে স্থানীয় পুরসভার দফতরেও অভিযোগ জানান নির্মলেন্দু মণ্ডল ও তাঁর স্ত্রী স্বপ্না মণ্ডল। পুরসভা অভিযুক্তকে ডেকে বারণ করলেও শোনেননি অভিযুক্ত। উপরন্তু কেন তাঁরা অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগ তুলে অভিযুক্ত চড়াও হয় ঐ দম্পতির উপর। বেধড়ক মারধর করা হয় তাঁদের। সোমবার সকালে ঘটনাটি ঘটলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের মারের আঘাতে গুরুতর জখম হন নির্মলেন্দু বাবু। মাথা ফাটে তাঁর।
এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্ত দম্পতি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিষ্ণুপদকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঐ দম্পতির বাড়ির সামনে ইচ্ছাকৃত ভাবেই দীর্ঘদিন ধরে ময়লা ফেলছিল অভিযুক্ত। এই ঘটনার প্রতিবাদ করার কারণেই আক্রান্ত হন ঐ দম্পতি। মারের চোটে নির্মলেন্দু বাবুর মাথায় ৫টি সেলাই করতে হয়। মারধরের হাত থেকে রক্ষা পাননি তার স্ত্রীও। আক্রান্ত দম্পতির দাবি, পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করুক।
যদিও অভিযুক্ত নিজের সমস্ত দোষ অস্বীকার করেছেন। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

