আমাদের ভারত, হাওড়া, ২৭ ফেব্রুয়ারি: শুক্রবার রাজ্যের বিধানসভার ২৯৪টি আসনের নিঘন্ট প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর তারপরেই রাজ্যে লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। কার্যত শুক্রবার বিকেল থেকেই রাজ্যে ভোটের দামামা বেজে গেছে।
এদিকে শুক্রবার নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পরেই শনিবার সকাল থেকেই রাস্তায় নামল উলুবেড়িয়া মহকুমা প্রশাসন। এদিন সকাল থেকেই প্রশাসনের আধিকারিকরা সরকারি জায়গায় লাগানো সরকারি এবং বিভিন্ন রাজনৈতিক দলের হোর্ডিং, ব্যানার, দলীয় পতাকা খোলা শুরু করল। যদিও এরপরেও বিভিন্ন সরকারি জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক হোর্ডিং, ব্যানার, দলীয় পতাকা লাগানো লক্ষ্য করা যায়। প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই সব খুলে ফেলা হবে।

অপরদিকে শনিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগরে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখে।

