আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৪ আগস্ট: মরসুমের শুরু থেকেই ইলিশের দেখা মেলেনি সেভাবে। তবে মাঝে মধ্যে কিছু অসাধু মৎস্যজীবী খোকা ইলিশ ধরছে প্রশাসনের নির্দেশ অমান্য করে। এই ছোট ইলিশের বিরুদ্ধে চলতি বছরে আগেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার আবার এই খোকা ইলিশের উপর নজরদারি করতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মৎস্য আড়তে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকরা।
এদিন দুপুরে ডায়মন্ড হারবারের সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত কুমার প্রধানের নেতৃত্বে জেলার প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ড হারবারের মহকুমা আরক্ষা আধিকারিক মিঠুন দে হানা দেন নগেন্দ্র বাজার মৎস্য আড়তে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে নগেন্দ্র বাজার আড়তে অভিযান চালায়। প্রত্যেকটি আড়তে অভিযান চালিয়ে ইলিশের সাইজ মেপে দেখেন প্রশাসনের আধিকারিকরা। তবে এদিন এই মাছ বাজারে খোকা ইলিশের দেখা পাননি প্রশাসনের আধিকারিকরা।
জেলার সহ মৎস্য অধিকর্তা বলেন, “২৩ সেন্টিমিটারের কম ফাঁসযুক্ত জালে ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ। এমনকি ইলিশের প্রজনন স্বাভাবিক রাখতে ছোট ইলিশ ধরা নিষিদ্ধ। তাই মরসুমে জালে পর্যাপ্ত পরিমাণে ইলিশ না পড়লেও যাতে ছোট ইলিশের কালোবাজারি না হয় সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে নজরদারি।” আগামীদিনেও এই ধরনের নজরদারি চলবে বলে জানিয়েছেন মৎস্য আধিকারিক।

