আমাদের ভারত, ২১ জুলাই: হাওড়ার ঘুসুড়িতে বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সেখানে যান। সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলা ছাড়া অসুস্থদের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি। তাদের সঙ্গে কথা বলার পর রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান সুকান্ত মজুমদার। একই সঙ্গে বিষমদ কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি।
বিষমদ কাণ্ডের পর রাজ্য সরকার তথা তৃণমূলের কোনো নেতাকে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। সুকান্ত মজুমদার এ বিষয়ে প্রশ্ন করে বলেন, “মদের টাকা সব কালীঘাটে যায় সেই কারণে একের পর এক বিষমদ কাণ্ডে মৃত্যুর পরেও প্রশাসন চুপ রয়েছে। পুলিশ সব জানলেও কিছু করছে না। কারণ পুলিশও কাটমানি খাচ্ছে। এরপরই তিনি মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সুকান্ত মজুমদার বলেন, এত মানুষের মৃত্যুর পর তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে। কমপক্ষে তাদের ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। দুপুরে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতাদের সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।

