কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: নদীবাঁধ রক্ষণাবেক্ষণ না করার জন্য ঘাটালের মানুষ বার বার বন্যাকবলিত হচ্ছে। শনিবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে এই অভিযোগ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তাঁর অভিযোগ, বাঁধ রক্ষণাবেক্ষণে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না।
শনিবার ঘাটালের প্রতাপপুর এবং দাসপুর বিধানসভার জোতকানুরামগড় এর বাঁধ পরিদর্শন করেন। তিনি বলেন, জোতকানুরামগড় এর বাঁধের এক জায়গা দিয়ে জল প্রবেশ করছে। স্থানীয় বাসিন্দারা গাছের ডাল দিয়ে তা রক্ষার চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতা নেই। তিনি মহকুমা শাসকের সাথে এই বিষয় কথা বলবেন বলে জানান।
উল্লেখ্য শীতলবাবু গত দু’বারের বন্যার সময় ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্লাবিত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী দিয়েছেন। প্লাবিত এলাকার মানুষরা পানীয় জল সহ ত্রাণসামগ্রী পাচ্ছে না এই বিষয়ে তিনি অন্যান্যবারেও একাধিকবার অভিযোগ করেছেন।

