জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৭ জুন: দিনের-পর-দিন রাজ্য সড়কগুলিতে বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনা রোধে খড়্গপুরের আইআইটির সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য প্রশাসন।

যে সমস্ত এলাকাগুলিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে সেইসব দুর্ঘটনা প্রবন এলাকাগুলিকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়। সেভাবেই বেলদা থানার ঠাকুরচক বাস স্ট্যান্ড এলাকাকে একটি ব্ল্যাকস্পট হিসেবে চিহ্নিত করে সোমবার পুলিশ প্রশাসন ও পিডব্লিউডি আধিকারিকরা আইআইটির রোড সেফটি বিভাগের প্রফেসরদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। আইআইটির রোড সেফটি বিভাগের প্রফেসরদের সহযোগিতায় কিভাবে এই ব্ল্যাকস্পট এলাকায় দুর্ঘটনা কমানো যায় সে বিষয়ে সুচিন্তিত পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস।

এদিনের পরিদর্শক দলে ছিলেন পিডব্লিউডি’র সুপারিনটেনডেন্ট অফ ইঞ্জিনিয়ার (হেডকোয়ার্টার) পার্থ ব্যানার্জি, বেলদা মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি, জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর দেবনাথ, আইআইটির রোড সেফটি বিভাগের প্রফেসর সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন ঠাকুরচকের পাশাপাশি জোড়াগেড়িয়া ফাঁড়ি এলাকার দিঘা পুকুর এলাকা পরিদর্শনে যান তারা। এলাকাটিকে কীভাবে দুর্ঘটনামুক্ত করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলিও আলোচনা করেন তাঁরা।

