সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: ২০২৩ সালের মধ্যে পুরুলিয়া জেলার ৫২ শতাংশ বাড়ি, সরকারি প্রতিষ্ঠানে পরিশ্রুত পানীয় জল সংযোগের লক্ষ্য মাত্রা বেঁধে দিল প্রশাসন। এই লক্ষ্য মাত্রা পূরণে জনস্বাস্থ্য কারিগরী বিভাগকে দায়িত্ব দেওয়া হল। আজ পুরুলিয়া সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে একদিকে যেমন ছিলেন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, বিধায়ক, কর্মধ্যক্ষরা তেমনই ছিলেন জেলাশাসক রজত নন্দা, অতিরিক্ত জেলাশাসক, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার, দফতরীয় আধিকারিকরা।

বৈঠক শেষে সভাধিপতি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে ‘জল স্বপ্ন প্রকল্প’ তা বাস্তব রূপ পেতে চলেছে পুরুলিয়া জেলায়। লক্ষ্য পূরণের জন্য মুকুটমণিপুর জলাধার ও পাঞ্চেত জলাধার জলের সব চেয়ে বড় উৎস। নলবাহিত জল ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৫২ শতাংশ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেব।”
জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার সুপ্রিয় চক্রবর্তি বলেন, “কিছু ক্ষেত্রে জমি সমস্যা রয়েছে। সেটা জেলা প্রশাসন ঠিক করে দেবে। আমরা লক্ষ্য পূরণে দ্রুত কাজ করছি।”

