আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ নভেম্বর: সাগরদ্বীপ ও ঘোড়ামারা দ্বীপের পার্শ্ববর্তী মুড়িগঙ্গা, বটতলা ও হুগলী নদীতে মৎস্য শিকারে নিয়োজিত নৌকাতে নজরদারি চালালো দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক প্রশাসন ও ব্লক মৎস্য দপ্তর। বিগত দিনে একের পর এক ট্রলার ডুবির ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, অথবা ঘটলেও যাতে জীবনহানির সম্ভাবনা কমানো যায় সেই উদ্দেশ্যেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের বিডিও সুদীপ্ত মণ্ডল ও সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ রায়ের উদ্যোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। মূল উদ্দেশ্যে যে সমস্ত নৌকা, ট্রলার, বা ভুটভুটিগুলিতে লাইফ জ্যাকেট, লাইভ বোয়া আছে কি না, সর্বোপরি এই জলযানগুলি সরকারি অনুমতি নিয়ে চলছে কি না সেগুলি খতিয়ে দেখা হয়।
শনিবার সকাল থেকেই সাগর ব্লকের বিভিন্ন প্রান্তে নদী পথে ঘুরে ঘুরে এই অভিযান চালান আধিকারিকরা। মূলত যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে তাঁদের জলযান নিয়ে মাছ ধরতে যান, তাঁরা নিজেদের সাথে নিরাপত্তা সামগ্রী ঠিকমতো রাখছেন কি না সেটা খতিয়ে দেখা হয়। যারা সেগুলি রাখছেন না তাঁদের নাম যেমন এদিন নথিভুক্ত করা হয় তেমনি যারা সেগুলি নিয়ে গভীর সমুদ্র বা নদীতে মাছ ধরতে যাচ্ছেন তাঁদের নাম ও নথিভুক্ত করা হয়।
বিডিও বলেন, “আমাদের উদ্দেশ্য যাতে গভীর সমুদ্রে কোনও দুর্ঘটনা ঘটলেও কোন মৎস্যজীবীর যাতে প্রাণহানি না ঘটে। সেই কারণে জলযানগুলিতে সঠিক নিরাপত্তা সামগ্রী মৎস্যজীবীরা ব্যবহার করছেন কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।”

