আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৫ জানুয়ারি: শতাব্দী প্রাচীন বুঙ্কেশ্বরী মেলা বন্ধ করল পুলিশ। ফলে দিন দুয়েক আগে থেকে গড়া অস্থায়ী দোকান ভাঙ্গতে বাধ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষুব্ধ মেলা কমিটি।

মকর সংক্রান্তির পর দিন প্রতি বছর মেলা বসে রামপুরহাট শহরের শেষ প্রান্তে বুঙ্কেশ্বরী মাঠে। রামপুরহাট ১ নম্বর ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েতের অধীন বুঙ্কেশ্বরী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী ধরেই প্রতিবছর মেলা বসে। শতাব্দী প্রাচীন এই মেলা এবারই প্রথম বন্ধ করে দেওয়া হল বলে দাবি বুঙ্কেশ্বরী কমিটির। কমিটির কোষাধ্যক্ষ কাজল বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিবছর মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে মেলা বসানো হয়। মেলা থেকে যে আয় হয় সেই টাকায় মন্দিরের উন্নয়ন করা হয়। এবারও বনহাট পঞ্চায়েত থেকে আমরা মেলা করার অনুমতি নিয়েছিলাম। সেই অনুমতি পত্র নিয়ে রামপুরহাট থানায় জমা দেওয়া হয়েছিল। থানা থেকে লিখিত অনুমতি পত্র দেওয়া হয়নি। তবে মৌখিক ভাবে বলা হয়েছিল ছোট করে মেলা করা যাবে। বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কেও মৌখিকভাবে জানানো হয়েছিল। তিনিও ছোট করে মেলা করার পরামর্শ দিয়েছিলেন। সেই মতো আমরা কয়েকটি দোকান বসিয়েছিলাম। কিন্তু পুলিশ এসে জোর করে মেলা বন্ধ করে দেয়। আমরাও কোন বিতর্কে না গিয়ে দোকান তুলে নিই”।

কমিটির প্রশ্ন একই জেলায় জয়দেব মেলা করা হল। অথচ প্রাচীন বুঙ্কেশ্বরী মেলা কেন বন্ধ করা হল?

