গণেশ চতুর্থীর দিন শুরু হতে চলেছে নতুন সংসদ ভবনের কার্যক্রম

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: কেন্দ্রের ডাকা ১৮-২২ সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। “এক দেশ এক নির্বাচন”, দেশের নাম বদলে ভারত, মহিলা সংরক্ষণ, অভিন্ন দেওয়ানি বিধির মতো বিল এই অধিবেশনে উঠতে পারে বলে জল্পনা কল্পনা চলছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ১৮ তারিখ বিশেষ অধিবেশন পুরনো ভবনে শুরু হলেও ১৯ সেপ্টেম্বর তা স্থানান্তরিত হবে নতুন সংসদ ভবনে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ দিনে নতুন ভবনে প্রথম অধিবেশনের ভাবনা রয়েছে মোদী সরকারের।

ফলে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই কারণেই কি এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে? গত ২৮মে নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। গণেশ চতুর্থীর দিন সেখানে কার্যক্রম শুরু হতে চলেছে।

গত বৃহস্পতিবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনের কথা ঘোষণা করেছেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। তিনি জানান, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অধিবেশনের উদ্দেশ্য নিয়ে কিছু জানাননি। এরপরই কেন্দ্রীয় সরকার “এক দেশ এক নির্বাচন” নিয়ে কমিটি করতেই বিরোধী দলগুলির মধ্যে জল্পনা তুঙ্গে ওঠে।

তবে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিশেষ অধিবেশন বয়কট করছে না তারা। বুধবার এই বিষয়ে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সংসদের বিশেষ অধিবেশন বয়কট করবো না। এটা আমাদের কাছে সুযোগ জনগণ সহ সমস্ত দলের হয়ে ইস্যুগুলিকে তুলে ধরার।” মণিপুর, চিন সহ মূল্যবৃদ্ধি আর্থিক বৈষম্য মতো একাধিক ইস্যু নিয়ে বিরোধীরা অধিবেশনে কথা বলতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *