মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হল ৯ম জঙ্গল মহল উৎসব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: বুধবার থেকে মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হল ৯ ম জঙ্গল মহল উৎসব। চলবে শুক্রবার পর্যন্ত। স্বয়ং সিদ্ধা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জনস্বাস্থ্য কারিগরী,খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, মৎস্য, তাঁত ও খাদি সহ ৩৬ টি স্টল হয়েছে। রয়েছে মহিলাদের হস্তশিল্পের স্টল। বহু সরকারি স্টলের পাশাপাশি আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন বিকেলে উৎসবের উদ্বোধন করেন মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, পরেশ মুর্মু, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগন, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান।

আদিবাসী মানুষের হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য আধিকারিক বরুন মন্ডল।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ২০১১ সাল থেকেই সমাজের পিছিয়ে পড়া অংশকে সামনের সারিতে তুলে আনার জন্য বহু প্রকল্প বাস্তবায়ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মূলত তাঁর উদ্যোগেই এখন বদলে গেছে জঙ্গল মহল। আগে জঙ্গল মহল গুলি আর বারুদে ভরে থাকত। এখন উন্নয়নে ভরে গেছে। তিনি মনে করেন সভ্যতা মানে সকলকে নিয়ে ভালো থাকা। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সমস্ত দপ্তর সেই কাজই করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *