আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ ডিসেম্বর: বই পাঠের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে শুরু হল ২৮ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা। এদিন রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল মাঠে বইমেলার উদ্বোধন করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাশিয়া, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। এই বইমেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
মেলায় মোট ৬০টি স্টল রয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা থেকেও পাবলিশার্সরা বইয়ের পসরা নিয়ে এসেছেন। রয়েছে একাধিক সরকারি প্রকল্পের স্টলও। বই বিকিকিনির পাশাপাশি প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোজ দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। বইমেলায় এসে সর্বস্তরের মানুষকে বই কেনার আবেদন জানিয়েছেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী। সেই সঙ্গে গ্রন্থাগারকে আরও সক্রিয় ও গ্রন্থাগারের পরিকাঠামোকে ঢেলে সাজানোর বিষয়ে জোড় দেন তিনি। জেলা বইমেলা ঘিরে উৎসাহিত বই প্রেমীরা।

