পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: আজ শুক্রবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার নানা প্রান্তে সাড়ম্বরে নানা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আইএনটিটিইউসি’র পরিবহন শ্রমিক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিকেলে জেলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় সরকারের নানা কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। প্রায় হাজার তিনেক শ্রমিক কর্মচারী এই মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলে নেতৃত্ব দেন পরিবহন সংগঠনের জেলা সভাপতি পার্থ ঘনা, গৌরাঙ্গ সিংহ, দুর্জয় গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাশাপাশি মেদিনীপুর শহর আইএনটিটিইউসি’র টোটো ইউনিয়নের পক্ষ থেকে শহরের এলআইসি মোড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিধায়িক জুন মালিয়া, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, পোরসভার পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু, সংগঠনের শহর সভাপতি বুদ্ধ মহাপাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

