নয়াগ্রামে পালিত হল ১৬৭ তম হুল দিবস

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩০ জুন: নয়াগ্ৰামের জামরুঘুটু সিধু কানু গাঁওতা ক্লাবের পক্ষ থেকে পালিত হল ১৬৭ তম হুল দিবস। এদিন জামরুঘুটু গ্রামে সিদু কানুর মূর্তি সংলগ্ন এলাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মোড়লরা প্রথমে আদিবাসী সমাজের প্রাণ পুরুষ সিদু, কানু, বীরসা মুন্ডা, চাঁদ ভৈরব এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের প্রাণ পুরুষদের মাল্যদান করেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব পতাকা যমন উত্তোলন করা হয়, তেমন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন নয়াগ্ৰাম থানার আইসি প্রসূন মিত্র।

উল্লেখ্য, ১৮৫৫ সালে বাংলার মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুরে ইংরেজ শাসকের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। যা সাঁওতাল বিদ্রোহ নামে ইতিহাসে খ্যাত। সেই থেকে প্রতি বছর ৩০ জুন দিনটি দেশ জুড়ে হুল দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজকের এই কর্মসূচিতে নয়াগ্রামের বিধায়ক এবং আইসি ছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুর ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যতি পাত্র, নয়াগ্রামের সমষ্টি উন্নয়ন আধিকারিক, নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *