ব্রাহ্মণ ভাতা ঘোষণায় পূর্ব মেদিনীপুরের ব্রাহ্মণদের ধন্যবাদ জ্ঞাপন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: রাজ্য সরকার ব্রাহ্মণদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করার পর আজ রাজ্যজুড়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নিলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণ ও তাদের পরিবারের সদস্যরা।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেন যে বয়স্ক ব্রাহ্মণদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেবে সরকার। রাজ্যের প্রায় ৮০০০ দরিদ্র বয়স্ক ব্রাহ্মণদের এই বিশেষ ভাতা এবং গরিব ব্রাহ্মণদের পশ্চিমবঙ্গ আবাস যোজনার ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা করেন। আর সেই ঘোষণার পর আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় রাজ্য অফিস থেকে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্রের নেতৃত্বে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আবির মেখে মিষ্টিমুখ করিয়ে বাদ্য-ঘন্টা-শঙ্খধ্বনি বাজিয়ে মেছেদা এলাকায় এক বিজয় মিছিল বের হয়। জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচি পালন হয়।

বিজেপি তমলুক সাংগঠনিক সভাপতি নবারুণ নায়েক জানান, সামনে বিধানসভা ভোট। তাই রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ভাতা চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেও অনেক প্রকল্প ঘোষণা করেছে কিন্তু কোনটাই বাস্তবে রুপায়িত হয়নি। তাই গরিব ব্রাহ্মণদের নিয়ে রাজনীতি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *