“কাশ্মীরে হিন্দু হত্যায় দায়ী পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে,” ৯ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি বজরং দলের

আমাদের ভারত, ৮ অক্টোবর:গত পাঁচ দিনে কাশ্মীর উপত্যকায় একের পর এক জঙ্গি হামলায় প্রাণ গেছে ৭ জনের। এই নৃশংস হত্যালীলায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরাণ্ডে। এই ঘটনার প্রতিবাদে ৯ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ দেখাবে বজরং দল, বলে জানিয়েছেন তিনি। কেন্দ্র সরকারের কাছে তাঁর আবেদন জেহাদি সন্ত্রাসবাদে লাগাম পরাতে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক।

শেষ কয়েকদিনে কাশ্মীরে পর পর জঙ্গি হামলায় বেছে বেছে হিন্দুদের হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শ্রীনগরে একটি স্কুলে মুসলিম শিক্ষকদের থেকে আলাদা করে নিয়ে গিয়ে দুই হিন্দু শিক্ষককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। তার আগের দিন এক কাশ্মীরি পন্ডিতকে তাঁর নিজের দোকানে হত্যা করেছে জঙ্গিরা। একের পর এক ভয়াবহ এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কাশ্মীরে। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন সেখানকার হিন্দুরা। কারণ সাম্প্রতিক হামলাগুলির তথ্য বলছে জঙ্গিদের নিশানায় এখন কাশ্মীরের হিন্দুরাই। কাশ্মীরের হিন্দুদের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরাণ্ডে। এই ঘটনার প্রতিবাদে বজরং দল শনিবার সারাদেশে বিক্ষোভ দেখাবে ও পাকিস্তানের কুশপুত্তলিকা দাহ করা হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর আবেদন এই সন্ত্রাসবাদী ঘটনার পিছনে দায়ী পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হোক।

একইসঙ্গে তাঁর দাবি, কাশ্মীর উপত্যকায় যাতে হিন্দুরা নিঃসঙ্কোচে বিচরণ করতে পারে তা সুনিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিক সরকার। কাশ্মীর উপত্যকায় হিন্দুরা পুনর্বাসন পেলে এবং অবাধ বিচরণের সুযোগ পেলে তবেই সেখান থেকে সন্ত্রাসবাদের অবসান ঘটবে বলে মত তাঁর।

সন্ত্রাসবাদী এবং তাদের সহায়কদের ভারতবর্ষকে রক্তাক্ত করার কুৎসিত চেষ্টা কখনো সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়ে পরাণ্ডে বলেন,”একতা অখণ্ডতার জন্য ভারত সর্বদাই দৃঢ়-সংকল্পবদ্ধ। জেহাদি সংবাদসন্ত্রাসবাদকে কিভাবে মুখের ওপর জবাব দিতে হয় তা আমরা জানি।” বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিটি কর্মী হিন্দুদের হিতের জন্য সদা সর্বদা সচেষ্ট বলেও জানিয়েছেন তিনি।

পরিষদের এই নেতা প্রশ্ন তুলেছেন, যখন হিন্দু ও শিখদের বেছে বেছে হত্যা করা হচ্ছে তখন কেন সেকুলেরবাদীদের ঠোঁট সেলাই হয়ে গেছে? কেন তারা প্রতিবাদ করছেন না? তার অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাঁর আহ্বান, সন্ত্রাসবাদকে লাগাম পরাতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদের বলি হিন্দুদের পরিবার, আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন তিনি। আশ্বস্ত করেছেন হিন্দুদের এই ত্যাগ তাঁরা কখনো ব্যর্থ হতে দেবেন না। তাঁর হুঁশিয়ারি ইসলামিক জেহাদি সন্ত্রাসবাদের কবর খুঁড়বে ভারতই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *