সাথী দাস, পুরুলিয়া, ৫ এপ্রিল: ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে অযোধ্যা পাহাড়ে। যা ছড়িয়ে পড়েছে আশপাশের বিভিন্ন অংশে। পুড়ে খাক হয়ে যাচ্ছে বনাঞ্চল। ধ্বংস হচ্ছে বনজ সম্পদ। নতুন এই ভয়ঙ্কর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনপদগুলিতে।

রবিবারের এমনই দাবানলে পুড়ে ছাই হয়ে গেল ঝালদা বনাঞ্চলের বনুমবুরু পাহাড়। গ্রামবাসী ও বনদপ্তরের ১২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝালদা ১নং ব্লকের আদিবাসী নোয়াগড় গ্রাম সংলগ্ন বনুমবুরু জঙ্গলে আগুন লেগে যায়। গ্রামের সামনে হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। গ্রামের বাসিন্দা পরমেশ্বর মূর্মু ও বাবুরাম মান্ডি জানান, “আমরা আতঙ্কে ছিলাম। কারণ যে কোনও মুহূর্তে আগুন গ্রামকে গ্রাস করতে পারত। খড়ের চালায় আগুন লাগার ভয় সব থেকে বেশি।”

রাতে বন কর্মীরা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে গ্রামবাসী ও বনদপ্তরের যৌথ প্রচেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অনেক গাছ নষ্ট হয়েছে। বন্য প্রাণীরা সঙ্কটে পড়েছে। গ্রামবাসীরা চান এই ভাবে যেন জঙ্গল শেষ না হয়ে যায়। জঙ্গলকে রক্ষা করার আর্তি জানান তাঁরা।

গত এক মাস ধরে দাবানলের ঘটনা ঘটছে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশে। শুকনো পাতা বনাঞ্চলে ছড়িয়ে থাকায় এবং বাতাসের গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। থামাতে ব্যর্থ বনদফতর। যদিও তাদের আশ্বাস তারা সতর্ক ও সজাগ রয়েছে।

