শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা পুরুলিয়ার নিতুড়িয়ার রায়বাঁধ স্বাস্থ্য কেন্দ্রে

সাথী দাস, পুরুলিয়া, ৩ সেপ্টেম্বর: শিশুর মৃত্যুর জন্য স্বাস্থ্য কেন্দ্রকে দায়ী করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার পরিজন। আজ সকালে ঘটনাটি ঘটে নিতুড়িয়ার রায়বাঁধ স্বাস্থ্য কেন্দ্রে।

দেহ না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের দরজায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে সেখানে ওই পরিবারের সঙ্গে যোগ দেন স্থানীয় কিছু মানুষ। পরিস্থিতি বুঝে ঘটনাস্থলে পৌঁছান নিতুড়িয়া থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরে সেখানে পৌঁছান রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি হরে গোবিন্দ ঘোড়ায় জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নিতুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। নিতুরিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা খান্ত হন এবং বাড়ি মুখো হন।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, রায়বাঁধ গ্রামের বাসিন্দা অশোক হেমরম নামে এক ব্যক্তির সোনালী নামের দু মাসের শিশু কন্যাকে বুধবার ওই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে রুটিন মাফিক টিকা দেওয়া হয়েছিল। সেদিনই বিকেল থেকে জ্বর আসে এবং শরীর খারাপ হয় শিশুটির। আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই তাঁদের শিশুটি মারা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সোমশুভ্র চৌধুরী পুরোপুরিভাবে অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, “শিশুটি কী কারণে মারা গেছে সেটা এখনই পরিষ্কার নয়। তবে টিকা নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছিল। আমরা কখনই খারাপ চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *