ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়

আমাদের ভারত, কলকাতা, ২৩ জুলাই: ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল ভাটপাড়া এলাকায়।
ভাটপাড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর বিবেকানন্দ নগরে গতকাল রাতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। কি কারণে এই বোমাবাজি তা বুঝতে পারছেন না ওই ব্যবসায়ী।
মাণিক নট্ট নামে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই হোটেল ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু তার বাড়িতে এই ধরনের বোম কেন পড়ল তা বুঝে উঠতে পারছেন না মানিকবাবু।

এর আগে বুধবার ভাটপাড়াতে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এরপর আবার শুক্রবার ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির ঘটনায় এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের বক্তব্য, এলাকায় বেড়ে গেছে দুষ্কৃতী তাণ্ডব। দু’দিন আগেই এই অঞ্চলে একটি বাচ্চা ছেলেকে গুলি করা হয়েছিল। কাল আবার বাড়িতে বোমা পড়ছে।

শ্যামনগর, বিবেকানন্দ নগর খুবই শান্ত এলাকা। আর সেখানেই এই ধরনের বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, “রাতে ঘুমিয়েছিলাম হঠাৎই বোমার বিকট শব্দে ঘুম ভেঙে বাইরে বেড়িয়ে দেখি চারিদিকে ধুঁয়ায় ভরে গেছে। বোমাবাজি আমাদের এখানে ছিল না কিন্তু হঠাৎ করে এই দুষ্কৃতী কাজকর্ম বেড়ে যাচ্ছে। ফলে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি।” এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *