রায়গঞ্জে বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ায় উত্তেজনা, প্রতিবাদে রাস্তা অবরোধ

স্বরূপ দত্ত, রায়গঞ্জ, ১৬ এপ্রিল:
বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল রায়গঞ্জ বিধানসভা এলাকায়। গতকাল গভীর রাতে কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়। সকালে এই ঘটনা দেখার পর প্রতিবাদে ফেটে পড়ে বিজেপির লোকজন। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

ভোটের দিন যত এগিয়ে আসছে, একটু একটু করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রায়গঞ্জ বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জ শহরসংলগ্ন কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি এর পেছনে বিজেপির গোষ্ঠীকোন্দলকেই দায়ী করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

বিজেপির মণ্ডল সভাপতি গণেশ চন্দ্র বিশ্বাস বলেন, সকালে এলাকার মানুষ আমাদের ফোন করে জানায়। গতকালও তৃণমূলের লোকজন আমাদের কর্মীদের হুমকি দিয়েছিল। আমাদের বিশ্বাস এবং গেয়ামবাসীদের কথা শুনে মনে হচ্ছে তৃণমূলের লোকজনই নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *