বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৫ এপ্রিল: বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বনগাঁয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে বলে অভিযোগ বিজেপির। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যদিও এই অভিযোগ অস্বীকার  করেছে তৃণমূল।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের  বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার গান্ধীপল্লীর বাড়ির 
কাছাকাছি তাঁর সমর্থনে বেশকিছু ফ্লেক্স, ব্যানার লাগানো ছিল।পাশাপাশি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও। অশোক  কীর্তনিয়ার অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে তাঁর প্রচারের সমর্থনে টাঙানো বেশ কয়েকটি ফ্লেক্স ছিড়ে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্যানারে কালি লেপে দেওয়া  হয়।

অশোক বাবু জানান, তাঁর বাড়ির ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর তাতেই ধরা পড়েছে  কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর সঙ্গে বাইক চেপে আসে এক মহিলা। ওই মহিলা এই কাণ্ড করছেন।

বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের এটা নতুন কিছু নয়। এরা কখনও গড়তে জানে না। বনগাঁর প্রচুর মানুষের ঘর ভেঙ্গেছে, ভিটে বাড়ি দখল করেছে, একথা বনগাঁর মানুষ সাক্ষী।  এদের কাছে ফ্লেক্স ছেঁড়া নতুন কিছু নয়। তৃণমূলের পায়ের তলা থেকে রাজনৈতিক  মাটি সরে যাচ্ছে। সেই কারণে আতঙ্কিত হয়ে তারা এইরকম  নোংরাকান্ড করছে।

যদিও এ ব্যাপারে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা কো-অর্ডিনেটর গোপাল শেঠ অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল এই নোংরা কালচারে বিশ্বাস করে না। বিজেপির আভ্যন্তরীণ  গোলমাল থেকে এমন কাণ্ড বলে মনে করা হচ্ছে।ফ্লেক্স নষ্ট করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 
রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে বনগাঁয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *