বিজেপির শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা শিলিগুড়িতে

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৮ আগস্ট: মঙ্গলবারের পর বুধবারও দিনভর উত্তেজনার মধ্যেই কাটল শহর শিলিগুড়ির। এদিন সকালে বিজেপির শহিদ সম্মান যাত্রায় অংশ নিতে কোচবিহার থেকে হাজির হয় নারায়ণী সেনা। কিন্তু তাদের পুলিশ হিন্দি হাইস্কুলে আটকে দেয়।

এই ঘটনার প্রতিবাদে দুপুরেই বিজেপির রাজ্য সহ-সভাপতি দীপেন্দ্রনাথ প্রামানিকের নেতৃত্বে বিজেপির বিধায়ক ও সাংসদের একটি প্রতিনিধিদল শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার সাথে দেখা করে। বিজেপির এই প্রতিনিধি দলে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। পরে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাথে দেখা করেন।

নিশীথ প্রামাণিক নৌকাঘাট মোড়ে পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজবংশী সম্প্রদায় থেকে আমি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি। স্বভাবতই আমার সাথে অনেকে দেখা করতে আসছেন কিন্তু পুলিশ তাদের আটকে দিচ্ছে। এমনকি আমাদের কোনও অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে হেরে যাওয়ায় রাগে এসব করছেন। তবে মানুষ সব বুঝতে পারছে। আর আমরা মানুষের পাশে রয়েছি। এভাবে ভয় দেখিয়ে আমাদের আটকাতে পারবে না।

এপ্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি(পূর্ব) জয় টুডু বলেন, কাউকে আটকে রাখা হয়নি। আসলে তারা হিন্দি হাই স্কুলের ভেতরে জমায়েত করেছিল সমাবেশ করবে বলে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি জানতে পেরেই তারা আর ভেতর থেকে বের হয়নি। তবে যে গাড়িগুলি ব্যবহার করা হচ্ছিল সেই গাড়িগুলির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ট্রাফিক আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে। পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *