স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জানুয়ারি: সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষে উত্তেজনা। ঘটনায় গুরুতর আহত উভয়পক্ষের প্রায় ২০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ইটালের প্রায় ৮বিঘার একটি সরকারি পুকুর লিজের জন্য টেন্ডার হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে। ইতিপূর্বে ওই এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা তৃণমূলের একপক্ষ টেন্ডারের মাধ্যমে ওই পুকুরের দখল করে আসছিল। এবারে ফের টেন্ডার হলে পূর্ব পাড়ার বাসিন্দা তৃণমূলের অপর পক্ষ ওই টেন্ডারে অংশ নেয়। যা নিয়ে কিছুদিন ধরেই উভয় পক্ষের বিবাদ ও বচসা চলছিল। এরপর সোমবার সকালে নতুন পক্ষ ওই পুকুরের দখল নিতে গেলে আগের পক্ষ তাদের বাধা দিলেই বাধে বিপত্তি। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলে। উভয়েই বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানান। ঘটনায় গুরুতর যখম হয় বেশ কয়েকজন। অনেকেরই মাথা ফেটেছে, কারোর হাত ভেঙ্গেছে বলে দাবি।

ঘটনায় দু’পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীও এই ঘটনাকে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বলেই জানিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

