জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: বুধবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী’র আহত হওয়ার ছবি পোস্ট করে, বিজেপির চক্রান্তের দিকে আঙুল তুললেও, প্রাথমিক তদন্তের পর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার পক্ষেই সওয়াল করা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পর নন্দীগ্রামে তৃণমূল বিজেপি দু’পক্ষের মধ্যে গণ্ডগোলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ব্যাপক পুলিশি টহল ও নিরাপত্তার ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের ওই বিরুলিয়া বাজারে যান জেলাশাসক বিভু গোয়েল এবং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। এলাকার বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন।
জেলাশাসক সাংবাদিকদের জানান, “তদন্তে নানা রকম তথ্য পাওয়া়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কথাতেও সঠিক কারণ বোঝা যাচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে।” তবে, জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে ‘দুর্ঘটনা’র বিষয়টিই উঠে আসছে বলে সূত্রের খবর। গতকাল হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করার পর রানীচকের একটি মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় ধাক্কাধাক্কিতে মুখ্যমন্ত্রী আহত হন। বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট হয়েছে, কনভয় ঘিরে ব্যাপক ভিড় ছিল। মুখ্যমন্ত্রী তাঁর গাড়ির দরজা খুলে উচ্ছ্বসিত মানুষদের সামনে দাঁড়িয়ে পড়েন। সেই সময়ই তাঁর গাড়ির খোলা দরজাটি একটি খুঁটিতে ধাক্কা লাগে। তখনই পায়ে আঘাত লেগে আহত হন মুখ্যমন্ত্রী। এলাকার দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সেরকমই। তবে, ঘটনার পর পুলিশি নিরাপত্তায় শিথিলতা ও চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ্য থেকে জেলা পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে ২৪ ঘন্টার মধ্যে তা পেশ করার নির্দেশ দিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে।বৃহস্পতিবার শিবরাত্রি উপলক্ষ্যে শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামের সোনাচূড়ায় বাবা ত্রিলোকেশ্বর মহাদেবের মন্দিরে এবং পারুলবাড়িতে মহাদেবের মন্দিরে পুজো দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পর তিনিও উপযুক্ত তদন্ত দাবি করেছেন বলে জানা যায়।
সাংসদ শিশির অধিকারী বলেন, “ঘটনার ১০ মিনিটের মধ্যে সব জানতে পেরেছি। একটা পিঁপড়েও বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর কাছে ঠেসতে পারে না, আর চক্রান্তের অভিযোগ আনা হচ্ছে। উপযুক্ত তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।” এদিকে, নন্দীগ্রামের ঘটনায় রুজু করা হল মামলা। তৃণমূল নেতা শেখ সুফিয়ান অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নন্দীগ্রাম থানায়। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা।

