জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলের পাঁচখুরিতে বিজেপির প্রচার গাড়িকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির প্রচার গাড়ি ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের ছড়ানো উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশপুর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, রবিবার বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী এলাকায় রোড শো করে ভোট প্রচার করবেন তার আগে প্রচারে বেড়িয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীরা কটুক্তি করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

অন্যদিকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙ্গচুর সহ বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কেশপুরের কুলবহড়া এলাকায়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

ঘটনার সূত্রপাত রবিবার ভোর বেলায়। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাতের বেলায় এ ধরনের হামলা চালিয়েছে।


