বোমাবাজির ঘটনায় ফের উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়

আমাদের ভারত, কলকাতা, ৮ জুলাই: বোমাবাজির ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়া এলাকায়। বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার।

ভাটপাড়া থানার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে বিজেপি কর্মী রাজু লাহিড়ির বাড়িতে বুধবার গভীর রাতে বোমাবাজি করে এক দল দুষ্কৃতী। রাতে ওই বিজেপি কর্মীর স্ত্রী তার সন্তান ও বৃদ্ধা শ্বাশুড়িকে নিয়ে একাই থাকেন। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দুষ্কৃতী তাণ্ডবে বার বার উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। সেই দুষ্কৃতী হামলার হাত থেকে বাঁচতে বিজেপি কর্মী রাজু লাহিড়ি বাড়ি ছেড়ে চলে যান। মাঝেমধ্যে দিনের বেলায় বাড়িতে আসতেন ওই বিজেপি কর্মী। কিন্তু রাত হতেই দুষ্কৃতী হামলার ভয়ে চলে যান। আর তারপর থেকে ওই বাড়িতে রাজু বাবুর স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একাই থাকেন। বুধবার গভীর রাতে দুষ্কৃতীদের
বোমার আঘাতে বাড়ির জানলার কাঁচ ভেঙ্গে যায়। অভিযোগ, গভীর রাতে পরপর দুটি বোমা ছোড়া হয় তার বাড়িতে। একটি বোমা ফাটলেও, আরেকটি বোমা দরজার সামনে পড়েছিল। বৃহস্পতিবার সকালে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

রাজুর স্ত্রী সুনিতা লাহিড়ির অভিযোগ, “স্বামী বিজেপি করার সাজা এখন মিলছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমি আমার বৃদ্ধা শ্বাশুড়ি ও বাচ্চাদের নিয়ে আতঙ্কে আছি।”

ওপর দিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে এই সম্পূর্ণ ঘটনার তদন্তে রয়েছে ভাটপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *