চোপড়ায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ায় পালটা হুমকি পদ্মশিবিরের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ এপ্রিল: বিজেপির পতাকা ও প্রচারের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার রামগঞ্জ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে থানার আইসির কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। বিজেপির পালটা হুমকি রামগঞ্জে আজই তারা দলীয় পতাকা লাগাতে যাবেন তখন কেউ বাধা দিতে আসলে পাল্টা জবাব দেওয়া হবে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামগঞ্জ পুলিশ ফাঁড়ি।

আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভার সাথে সাথে চোপড়া বিধানসভার ভোট। শাহিন আখতার এবারে চোপড়া বিধানসভায় বিজেপির প্রার্থী। চোপড়া বিধানসভা এলাকার রামগঞ্জ বাজার এলাকায় বিজেপি প্রার্থী শাহিন আখতারের সমর্থনে ফেস্টুন ব্যানার ও বিজেপির দলীয় পতাকা দিয়ে সাজানো কাজ করছিল বিজেপির কর্মীরা। বিজেপির রামগঞ্জ মন্ডলের সভাপতি রাজীব রাউত অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপির প্রার্থীর প্রচারের ফেস্টুন ব্যানার ও বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি পতাকা কোথাও লাগাতে দেয়নি। শুধু তাই নয় তৃণমূলের পক্ষ থেকে এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের হুমকি শাসানি দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। এবার বিজেপির কার্যকর্তারা পতাকা ফেস্টুন লাগাতে যাবে, দেখে নেওয়া হবে কে তাদের বাধা দেয়।

তৃণমূল কংগ্রেস নেতা ইদ্রিস আলি জানিয়েছেন, এসব বিজেপির নিজেদেরই কাজ। তৃণমূল কংগ্রেস এসব কাজ করে না। বিজেপির এই ফ্লাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *