বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা খড়্গপুর শহরে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ডের সাউথ সাইড ডেভেলপমেন্ট এলাকায় গতকাল রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঐ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন সহ গত দশ বছর ধরে এই ওয়ার্ডটি বিজেপির দখলেই রয়েছে। এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার বিজেপির অনুশ্রী বেহারা শুক্রবার সকালে জানতে পারেন, গতকাল গভীর রাতে তাঁর কার্যালয়টি সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরাই এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেছেন। সেই অভিযোগে শুক্রবার খড়্গপুর টাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ঐ ওয়ার্ডের বিজেপির কাউন্সিলার অনুশ্রী বেহারা সহ খড়্গপুর শহরের বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। পরে লিখিত ভাবে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

যদিও ঘটনাটি অস্বীকার করেছে ওয়ার্ড তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা শী। তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়, অত্যন্ত জঘন্য কাজ, আমি প্রশাসনের কাছে আর্জি রাখবো, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *