আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ এপ্রিল: আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কটি পৌর সভায় ছিলো পৌর পারিষদ গঠন অনুষ্ঠান। ভাটপাড়া পৌর সভার এই পৌর পারিষদ গঠন অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপারা পৌরসভা চত্বরে।

আজ ভাটপাড়ায় উপ-পৌরপ্রধান হিসেবে শপথ নেন দেবজ্যোতি ঘোষ ওরফে টিঙ্কু। এছাড়া ঘোষিত হল আরও পাঁচ পারিষদের নাম। পূর্ত দপ্তর ও জল বিভাগের সিআইসি হলেন যথাক্রমে অরুণ ব্রহ্ম ও অমিত গুপ্তা, স্বাস্থ্য, আলো ও জঞ্জাল সাফাই দপ্তরের পারিষদ সদস্য হলেন নূরে ই জামাল, হিমাংশু সরকার ও সমর পাঠক। সোমবার উপ-পৌরপ্রধান ও পৌর পারিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন চেয়ারপার্সন রেবা রাহা। এদিন পুরসভায় হাজির ছিলেন জগদ্দল ও বীজপুরের বিধায়ক যথাক্রমে সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। যদিও এদিন ডাকা হয়নি অন্যান্য কাউন্সিলরদের। আর এই পৌর পারিষদ গঠন নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় তৃণমূলের একাংশের মধ্যে। যার জেরে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই আন্দোলনে নামেন ৮ নম্বর ওয়ার্ডের নূরে এ জামালের অনুগামীরা। পুরবোর্ড বাতিলের পাশাপাশি নূরে ই জামালকে উপ-পুরপ্রধানের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারই অনুগামীরা।
আজ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে স্বাস্থ্য দপ্তরের সিআইসি করা হয়েছে। কিন্তু তা মানতে নারাজ নূরে ই জামাল ওরফে সাহেব অনুগামীরা। এদিন দুপুরে তারা প্রথমে পুরসভায় বিক্ষোভ দেখায়। তারপর পুরসভার সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, সংখ্যালঘু সদস্য হিসেবে নূরে ই জামালকে উপ-পুরপ্রধান কিংবা পূর্ত দপ্তরের পারিষদ করতে হবে।

