আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ ফেব্রুয়ারি: ব্যারাকপুর আর্দালি বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে সোমবার রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখার দপ্তরের কিছুটা দূরত্বে এই ঘটনা ঘটেছে।
হতকাল রাতে হঠাৎ করেই আর্দলি বাজার এলাকায় বোমাবাজির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বোমার শব্দ শুনে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসলে বুঝতে পারেন বোমাবাজি হয়েছে তৃণমূল দলীয় কার্যালয়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অর্দালি বাজার এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে এলাকা অশান্ত করতে চাইছে। বিশাল যাদবের দলবল এই ঘটনার সঙ্গে জড়িত।

এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই দুষ্কৃতীরা পর পর ২ টি বোমা ছোঁড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় লক্ষ্য করে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ব্যারাকপুর এলাকা অশান্ত করতে চাইছে বিজেপি, সেই কারনে এই ঘটনা ঘটিয়েছে। ব্যারাকপুর থানায় গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে তাদের খোঁজ শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।

