বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিলে বাধা, উত্তেজনা ঘোলার মুরাগাছায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ অক্টোবর: বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙ্গার প্রতিবাদে আজ ঘোলার মুরাগাছা মোড়ের কাছে বিজেপি নেতা রাহুল সিনহার নেতৃত্বে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

বিজেপির এই মিছিলের শুরুতেই পুলিশ তাদের পথ আটকাতেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। সেই বচসা ক্রমেই ধস্তাধস্তিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয বিশাল পুলিশবাহিনী সহ র‌্যাফ। জোর করে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পাঁচজন বিজেপি কর্মীকে আটক করে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিনের এই মিছিলে রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন শীলভদ্র দত্ত ও খরদার বিজেপি প্রার্থী জয় সাহা।

এদিন রাহুল সিনহা বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা খারাপ করার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে এই ভাঙ্গচুর করা হয়েছে।”এদিন রাহুল সিনহা পুলিশের সাথে তাদের গণ্ডগোল সম্পর্কে বলেন, “আমরা কোনও পতাকা ছাড়া সম্পূর্ণ কোভিড বিধি মেনে জমায়েত করেছি। এটা কোনও রাজনৈতিক জমায়েত ছিল না আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলাম। কোনও রকম অশান্তি আমাদের মিছিলের মাধ্যমে হচ্ছিল না কিন্তু তাও বিনা প্ররোচনায় পুলিশ আমাদের কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে গেছে। বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙ্গচুর করা হয়েছে, মানুষ খুন হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দুদের মনোবল বাড়ানোর জন্য আমরা প্রতীকি মিছিল করেছিলাম। কিন্তু পুলিশ আমাদের সাথই গুন্ডাদের মত আচরণ করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *