সাথী দাস, পুরুলিয়া, ১৬ জুন: ঝালদায় উপ নির্বাচনে উত্তেজনা দেখা দিল। শাসক তৃণমূলের পোস্টার থেকে প্রার্থীর মুন্ডু ছিন্ন করা নিয়ে চাঞ্চল্য ছড়াল। আর তার জেরেই দোষারোপের পালায় উত্তেজনার পরিস্থিতি দেখা গিয়েছে ঝালদায়। ঘটনাটি ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ঘটেছে।
২৬ জুন ওই ওয়ার্ডে উপ নির্বাচন হবে। আর নির্বাচনী প্রচারে সব দলই মাঠে নেমেছে। প্রার্থীর সমর্থনে লাগানো হয়েছে পোষ্টার ব্যানার ইত্যাদি। সেই মতো শাসক তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগন্নাথ রজকের নামেও ফ্লেক্স পোষ্টার লাগানো হয়। আজ সকালে তৃণমূলের পোষ্টার থেকে কে বা কারা রাতের অন্ধকারে প্রার্থীর মুন্ডু কেটে দেয়। অভিযোগের তির দুই বিরোধী দল কংগ্রেস ও বিজেপির দিকে।
ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ সেন এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এই নোংরা রাজনীতি ঝালদায় ছিল না। বিরোধীরা ভয় পেয়ে এই সব নোংরা রাজনীতি করছে। এতে দুই প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি যুক্ত থাকতে পারে। থানায় ও নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করা হয়েছে। আমরা চাই শান্তিতে নির্বাচন হোক।”

যদিও বিষয়টি বিজেপি ও কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ বলে জানিয়ে দেয়। কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু জানান, “কংগ্রেস এই ধরণের নোংরা রাজনীতি করে না। তৃণমূল নিজেরাই এই সব করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভোটে জিততে চাইছে।” নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর দাবি, “এলাকার মানুষ কংগ্রেসের সাথে আছে। এলাকার মানুষ আমার কাকাকে ভালো বাসতো তাই কাকা ভোটে জয় লাভ করেছিলেন। জয় নিয়ে আমি নিশ্চিত।”
তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে বিজেপিও। প্রসঙ্গত, ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। সেই কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

