ভ্যাকসিনের কুপন বিক্রির অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে, রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ আগস্ট: টাকা দিয়ে ভ্যাকসিনের কুপন বিক্রির অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও অভিযুক্ত পুলিশ অফিসার কুপনের বিনিময়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার সহকর্মী এক পুলিশ অফিসারের ছেলে বাইরে যাওয়ার জন্য তার কাছে কুপন চায়। সেই অনুযায়ী মিন্টু বাবু সহকর্মীর ছেলেকে ভ্যাক্সিনের কুপন দেয়। এতেই ভ্যাক্সিনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকেরা বিক্ষোভে ফেটে পড়ে। ওই পুলিশ অফিসারের ছেলের সাথে ধস্তাধস্তি হলে পুলিশ মিন্টু মন্ডলকে আটকানোর চেষ্টা করলে তিনি অল্প বিস্তর আহত হন। তবে এব্যাপারে ভ্যাক্সিনের জন্য কুপন দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন মিন্টু বাবু।

ভ্যাকসিন কন্ট্রোল ম্যানেজার সব্যসাচী মুখার্জি জানান, তার কাছে এধরনের কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

করোনা ভ্যাকসিন সরবরাহ অপ্রতুল থাকায় উত্তর দিনাজপুর জেলাজুড়ে হাহাকার চলছে। ভ্যাকসিন পেতে রাত থেকে ভ্যাকসিন সেন্টারের সামনে লাইনে দাঁড়াচ্ছেন লোকজন। রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভ্যাকসিন সেন্টারের সামনে প্রতিদিন বাসিন্দাদারা লম্বা লাইন দিচ্ছেন। আজও তার ব্যাতিক্রম ছিল না। রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে যাতে কোনও রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পুলিশ অফিসার মিন্টু মন্ডল এক যুবককে তিনটি কুপন দেওয়াকে কেন্দ্র করে লাইনে দাঁড়িয়ে থাকা বাসিন্দারা প্রতিবাদে সোচ্চার হন। উত্তেজিত বাসিন্দারা কুপন পাওয়া ব্যাক্তিকে আটকে রাখার চেষ্টা করে। জনতার হাত থেকে বেড়িয়ে গিয়ে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। উত্তেজিত বাসিন্দাদের অভিযোগ পুলিশ অফিসার ভ্যাকসিন আগে পাইয়ে দেবার জন্য ৩০০ টাকার বিনিময়ে কুপন বিক্রি করছেন। প্রতিবাদ করলে এক যুবককে ওই অভিযুক্ত পুলিশ অফিসার বেধড়ক মারধর করেন। অবিলম্বে অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবি করেছেন তারা।

মেডিক্যাল কলেজের ভ্যাকসিন কন্ট্রোল অফিসার জানিয়েছেন, তার কাছে এধরনের কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *