মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ১৮ মার্চ: মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ায়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায় এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরন বেরা।

এদিন সকালে উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেওয়ার পর সিজবেড়িয়া জামে মসজিদের ইমামদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী পুলক রায়।

অন্যদিকে এদিন দুপুরে বাজারপাড়ার বিজেপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপি প্রার্থী চিরন বেরা। এদিকে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাইরে থেকে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *