ডিভিসির শ্রমিক সংগঠনের প্রতিনিধি নির্বাচনে টানটান উত্তেজনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ এপ্রিল: মাঝে আর মাত্র কয়েক ঘন্টা তারপর বৃহস্পতিবার অর্থাৎ ২৮ এপ্রিল ডিভিসির সারা ভ্যালি জুড়ে শ্রমিক সংগঠন গুলির মেম্বার ভেরিফিকেশন করার জন্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই নির্বাচন নিয়ে যুযুধান প্রতিদ্বন্দ্বী শ্রমিক সংগঠন গুলির প্রচার ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, এবার নির্বাচন হচ্ছে ত্রিমুখী। “টাটা সুমো” চিহ্নে লড়ছে তৃণমূলের শ্রমিক সংগঠন ডিভিসি কামগার সংঘ। ছাতা চিহ্নে প্রতিদ্বন্দ্বীতা করছে সিটু অনুমোদিত ডিভিসি শ্রমিক ইউনিয়ন। লড়াইয়ের ময়দানে রয়েছে ভারতীয় মজদুর সংঘ।এবার আইএনটিইউসি পরিচালিত ডিভিসি কর্মচারী সংঘ, ইউটিইউসি স্টাফ অ্যাসোসিয়েশন ও এআইটিইউসির মজদুর ইউনিয়ন ডিভিসি শ্রমিক ইউনিয়নের প্রতীক ছাতাকে সমর্থন জানিয়েছে। এই ৪ টি সংগঠন জোটবদ্ধ হয়ে কামগার সংঘের বিরুদ্ধে সমস্ত ডিভিসির কর্মীদের এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ছিল ভোট প্রচারের শেষদিন। এদিন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে জোট শরিকদের হয়ে প্রচারে এসেছিলেন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, ইউটিইউসির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অশোক ঘোষ ও আইএনটিইউসি নেতা তথা পশ্চিম বর্ধমানের জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। এই জোটকে সমর্থন জানিয়ে মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের ভূমিহারা কর্মীরা একটি বিশাল মিছিল করে জোটের পথসভায় এসে যোগ দেয়। এরপরই শুরু হয় উত্তেজনা। তৃণমূল শ্রমিক সংগঠনের কামগার সংঘ বাইক র‌্যালি নিয়ে জোটের সভাস্থল ঘিরে চক্কর দিতে থাকে। বাইকের হর্ণ আর চিৎকার শুনে বাসুদেব আচারিযা, অশোক ঘোষ দেবেশ চক্রবর্তীরা বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন। পুলিশ ও ডিভিসির রক্ষীরা পরিস্থিতি সামাল না দিলে অন্যরকম কিছু ঘটে যেতে পারত। জোটের পক্ষে সমীর বাইন বলেন, আমরা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সভা করেছি। ওরা সেই সভা বানচাল করতে এই জঘন্য পরিকল্পনা করেছে। অশোক ঘোষ বলেন, এটাই কামগারের সংস্কৃতি।

ডিভিসির এক আধিকারিক জানান, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে সংস্থার সমস্ত বিদ্যুৎ প্রকল্প সাব স্টেশন, জলাধার, ট্রান্স মিশন লাইনের পাশাপাশি দিল্লির অফিসেও ভোট হচ্ছে। ২৯ এপ্রিল গণনা হবে ঝাড়খন্ডের মাইথনে। ভোট পরিচালনা করছে শ্রম কমিশনার। এই ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সমাধা করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *