স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ অক্টোবর:
রাতের অন্ধকারে বিজেপির পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের চরসারাগর ২১৮ নম্বর বুথের।
বিজেপির অভিযোগ উপ নির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যানার-ফেস্টুন, পোস্টার লাগিয়ে ছিল কর্মী সমর্থকরা। কিন্তু গভীর রাতে কে বা কারা এলাকার সমস্ত ব্যানার ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে রাখে, এছাড়াও বেশ কিছু পতাকা ছিড়ে জঙ্গলে ফেলে দেয়। সকালে এ ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় লিখিত না জানালেও মৌখিকভাবে জানায় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।
বিজেপির অভিযোগ উপ নির্বাচনের আগে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা। এই ধরণের ঘটনার সাথে তৃণমূল জড়িত। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। এলাকার প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক বলেন, এমনিতেই শান্তিপুরে বিজেপি বলতে কিছু নেই, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে মানুষ। তাই নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই ঘটনা। তাদের ঘটানো ঘটনা তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপি। এতে তৃণমূলের কোনওরকম যোগসাজশ নেই। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

