স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ মার্চ: চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিজনদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তিতে ধুন্ধুমার। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায়, একটি বেসরকারি হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম অদিতি দাস (৮), বাড়ি রায়গঞ্জের গৌরি গ্রাম পঞ্চায়েতের নরম কলোনী এলাকায়। মৃতার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই বেসরকারি হাসপাতালে তার ঠোঁটের অপারেশন হয়। এরপর শুক্রবার সকালে চিকিৎসাধীন মেয়েকে দেখতে এলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়ে সুঃস্থ ও স্বাভাবিক আছে বলে জানালেও খানিক বাদেই তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু মেডিক্যাল কলেজে নিয়ে যেতেই সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন, বলে দাবি পরিবারের।
এরপর শিশুর মৃতদেহ পুনরায় ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পরে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেন মৃতার আত্মীয়রা। শুরু হয় হাসপাতালে ইটবৃষ্টি। পুলিশ বাধা দিতে গেলেই উভয় পক্ষের ধ্বস্তাধস্তি বেঁধে যায়। এরপর অতিরিক্ত পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঠোঁটের অপারেশন করতে গিয়ে এভাবে মৃত্যু অস্বাভাবিক ঘটনা এবং চিকিৎসকদেরই গাফিলতির কারনেই এই ঘটনা বলে অভিযোগ তুলে সরব হন মৃতার পরিবার। অপরদিকে ওই হাসপাতালের তরফে একাধিকবার ওই শিশুর পরিবারকে কার্যত জোর করে বুঝিয়েই অপারেশনে বাধ্য করানো হয় এবং অদক্ষ স্বাস্থ্যকর্মীদের দ্বারা চিকিৎসা করানো হয় বলে অভিযোগ। ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও।
অভিযোগ, এই হাসপাতালে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং এতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রোগীর পরিজন ও পঞ্চায়েত প্রধান।

