জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বিরোধী প্রার্থীদের পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ওয়ার্ডের বিজেপি ও সিপিআইএম প্রার্থীদের শুধু পোস্টার ছিঁড়ে দেওয়াই নয়, প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি ভোটারদের ভয়ও দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী কার্তিক সরেন জানান, বৃহস্পতিবার সকালে দেখা যায় রাতের অন্ধকারে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিজেপি ও সিপিআইএম প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, গতবার ক্ষীরপাই পৌরসভায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছিল। অবাধ নির্বাচন হলে এবার আমরাই জিতবো।
তৃণমূল যুব সভাপতি তাপস ঘোষ বলেন, বিজেপি ও সিপিআইএমের লোকজন নিজেরাই পোস্টার ছিঁড়ে ভোটারদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে এবার সমস্ত ওয়ার্ডে আমরাই জিতবো। বিরোধীদের পোস্টার ছেঁড়ার ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

