পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: ফের বিএলও-র মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মৃতের নাম সুবিমল কারক (৫৮)। তিনি পেশায় শিক্ষক ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি শালবনী থানার অন্তর্গত হাতিমারি এলাকায়। তিনি সাবলি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তাঁকে বিএলও (বুথ লেভেল অফিসার)-র দায়িত্বও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, সুবিমলবাবু প্রথম থেকেই এই দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন। তবুও তাঁকে জোর করে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়। সেই কারণেই তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে চিকিৎসক বাড়িতেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

