সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মার্চ: বিজেপির পরিবর্তন রথযাত্রার আগে দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামেটিয়া গ্রামে।
উল্লেখ্য, সোমবার জেলা জুড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষ্যে রাঙ্গামেটিয়া এলাকায় বিজেপির পতাকা লাগানো হয়। সেই পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, বাঁকুড়া- খাতড়া দু’নম্বর রাজ্য সড়কের রাঙ্গামাটিয়া এলাকা জুড়ে টাঙানো হয়েছিল বেশকিছু দলীয় পতাকা। আজ সকালে পতাকাগুলি ছেঁড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, পতাকা গুলি ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেও স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে। বিজেপির হীড়বাঁধ মণ্ডল সভাপতি অতনু মণ্ডলের দাবি, সোমবার স্থানীয় সুপুর মোড়ে দলের পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছাবে। সেই উপলক্ষ্যে রাস্তার দু’ধারে বেশ কিছু দলীয় পতাকা লাগানো হয়েছিল। তার মধ্যে রাঙ্গামেট্যার জঙ্গলে অন্তত ৫০ থেকে ৮০টি পতাকা কেউ বা কারা ছিঁড়ে দেয়। তৃণমূল নেতৃত্ব বুঝে গেছেন তারা আর ক্ষমতায় থাকছেন না, আর সেই কারণেই শান্তিপ্রিয় এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে শাসক দলই এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
যদিও এবিষয়ে হিড়বাঁধ ব্লক তৃণমূলের নেতৃত্ব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

