স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
২৩ মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল ইনভিজিলেটরদের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বানবোল হাইস্কুলে।

জানাগেছে, বৃহস্পতিবার ইটাহার ব্লকের রাজগ্রাম এবং বানবোল উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা ছিল এই সেন্টারে। পরীক্ষার বিষয় ছিল পদার্থবিদ্যা ও এডুকেশন। পরীক্ষা চলাকালীন বাইরে থেকে কে বা কারা পরীক্ষার হলে চিরকুট ছুঁড়ে ফেলে। বিষয়টি নজরে পড়তেই তৎপর হন ওই পরীক্ষার হলে গার্ড দেওয়া শিক্ষক শিক্ষিকা তথা ইনভিজিলেটররা। কারো কাছে কোনো নকলের কাগজ থাকলে তা বের করে দিতে বলেন তারা। এরপর সন্দেহের বশে এক পরীক্ষার্থীকে এক শিক্ষিকা চড় মারেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই পরীক্ষার শেষে স্কুলের সামনে জমায়েত হন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার মৈত্র জানিয়েছেন ঘটনাটি তার জানা নেই। পরীক্ষা চলাকালীন সব ঘরে তার নজর দেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

