দাবদাহ! বাংলা সহ দশ রাজ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস গরম বাড়বে, তাপপ্রবাহের আশঙ্কা

আমাদের ভারত, ৮ এপ্রিল: বৈশাখ আসতে কয়েকটা দিন এখনও বাকি। কিন্তু তার আগেই চৈত্রেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে বাংলায়। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বাংলা সহ দেশের নানা প্রান্তে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হবে গরমের কারণে। এই অস্বস্তিকর আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মৌসম ভবনের পূর্বাভাস বলছে, দেশের অধিকাংশ রাজ্যেই আগামী পাঁচ দিনের তাপমাত্রার পারদ চড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

চলতি মাসে শুরুর দিকেই মৌসম ভবন থেকে জানানো হয়েছিল, দেশের উত্তর-পশ্চিমের কিছু এলাকা বাদ দিলে বাকি প্রায় সব রাজ্যেই এপ্রিল থেকে জুন মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি তাপমাত্রা থাকবে। রাজ্যগুলিতে ইতিমধ্যে তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাধারণত গ্রীষ্মকালে বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব হরিয়ানায় তাপপ্রবাহ হয়। তবে এই বছর তাপপ্রবাহের দিনের সংখ্যা স্বাভাবিকের থেকে অনেক বেশি হবে বলে আশঙ্কা।

১৯০১ সাল থেকে আবহাওয়া সংক্রান্ত রেকর্ড রাখা শুরু হয়েছিল। সেই সময় থেকে দেখা গেছে রেকর্ড গড়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা সব থেকে বেশি ছিল। অর্থাৎ শেষ ২২ বছরে মধ্যে এবছরের ফেব্রুয়ারি ছিল সবচেয়ে উষ্ণ। এর আগে কখনো কোনো বছর ফেব্রুয়ারিতে এত গরম পড়েনি। এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এপ্রিল থেকে জুনের গরমও নতুন রেকর্ড তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *