অমরজিৎ দে,ঝাড়গ্রাম, ২৫ অক্টোবর: সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা গ্রামে একটি বিশাল আকারের অজগর সাপ ঢুকে পড়ে। যার ফলে চোরচিতা গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা অজগর সাপটিকে দেখতে পেয়ে খবর দেয় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। চোরচিতা গ্রামে গিয়ে বন দফতরের কর্মীরা দশ ফুট লম্বা বিশাল আকারের অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়। অজগর সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সুত্রে জানানো হয়েছে।

তবে ওই অজগর সাপটি কোথা থেকে চোরচিতা গ্রামে এল তা নিয়ে চলছে জল্পনা। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দশ ফুট লম্বা বিশাল আকারের অজগর সাপ দেখার জন্য বহু মানুষের ভিড় জমে যায়। তবে গ্রামবাসীদের প্রচেষ্টায় সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। চোরচিতা গ্রামের মানুষ বনদপ্তরের হাতে অজগর সাপটিকে তুলে দেওয়ায় বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের ধন্যবাদ জানানো হয়।

