খড়গপুর বনবিভাগের সদর দপ্তরের তালা ভেঙ্গে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ জুলাই: নিয়মিত কাজ ও সময়ে বেতন দেওয়া সহ একগুচ্ছ দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বনবিভাগের সদর দপ্তরে বিক্ষোভ দেখালেন শাসকদলের ইউনিয়নের অস্থায়ী বনকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ অস্থায়ী বন মজদুর ইউনিয়ন। পূর্ব অনুমোদন নেওয়া সত্ত্বেও দাবি দাওয়া পেশ করতে গিয়ে বাধা পেয়ে সদর দপ্তরের সামনের গেটের তালা ভেঙ্গে তাদের ঢুকতে হয়েছে বলে অভিযোগ জানান অস্থায়ী বনকর্মীরা। গেটের তালা ভাঙ্গার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে।

ক্ষুব্ধ ওই অস্থায়ী বনকর্মীরা জানিয়েছেন, আগে থেকে আজকের ডেপুটেশনের নির্ঘন্ট ঠিক হয়েছিল। বনদপ্তর সূত্রে জানানো হয়েছিল, দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে এসে দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার বা ডিএফও’কে নিজেদের দাবিদাওয়া জানানো যাবে। এক অস্থায়ী বনকর্মী জানিয়েছেন, বন বিভাগের পক্ষ থেকেই আমাদের সময় দেওয়া হয়েছিল। সেই মত তাঁরা এসেছিলেন।
বনবিভাগের মূল ফটকেই লাগানো রয়েছে দু’দুটো তালা। বনকর্মীদের বক্তব্য, প্রথমে আমরা ওখান থেকেই ভেতরে থাকা কর্মীদের ডাকার চেষ্টা করি। কিন্তু কারও সাড়া পাইনি, তখনই বুঝতে পারি আমাদের আটকানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। বাধ্য হয়ে তালা ভেঙ্গেই ভেতরে ঢুকি আমরা।’

বনকর্মীরা জানিয়েছেন, গত দুদশকেরও বেশি সময় অস্থায়ী হিসাবে কাজ করে চলেছেন তাঁরা। বর্তমান মজুরি দিনে ২৬০টাকা কিন্তু ১০/১৫ দিনের বেশি কাজ দেওয়া হয় না। বছরের পর বছর কাজ করার পরও অনেককে ছাঁটাই করা হয়। সময় মত বেতন মেলে না। হাতি তাড়াতে গিয়ে বা অন্য কোনোও ভাবে দুর্ঘটনায় মৃত্যু হলে কোনো ক্ষতিপূরণ নেই।
তাঁরা দাবি করেছেন, মাসে ৩০দিনই কাজ দিতে হবে। কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। ইতিমধ্যেই ছাঁটাই হওয়া কর্মীদের ফেরাতে হবে। উত্তেজিত বনকর্মীরা বেশকিছু টব ভাঙ্গচুর করে। আগুন লাগানো হয় টায়ারে। পদস্থ এক পুলিশ আধিকারিক তাঁদের সঙ্গে বন আধিকারিকের মিটিংয়ের ব্যবস্থা করবেন এই আশ্বাস পেয়ে প্রত্যাহৃত হয় বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *