সাথী দাস, পুরুলিয়া, ১৩ আগস্ট: বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি রাখলেন অস্থায়ী কর্মীরা। পুরুলিয়া পৌরসভা এলাকায় সকাল থেকেই সাফাই বিভাগের কাজ বন্ধ থাকে। সকাল থেকেই পুরুলিয়া পৌরসভায় বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। পুর প্রধানের প্রতিশ্রুতি সত্বেও বকেয়া বেতন না পাওয়ায় বিক্ষোভ দেখান তাঁরা।
এদিন পুরুলিয়া পৌরসভার শতাধিক অস্থায়ী কর্মী বিক্ষোভে সামিল হন। বন্ধ করে দেওয়া হয় পৌরসভার প্রায় সমস্ত কাজকর্ম। কর্মবিরতিতে সাফাই বিভাগের কর্মীর সংখ্যা বেশি থাকায় স্বাধীনতা দিবসে পুরসভা এলাকা জঞ্জালের স্তূপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারী সাফাই বিভাগের কর্মীরা জানান, “পুরনো বকেয়া প্রচুর রয়েছে। রানিং বকেয়াও রয়েছে। একে পারিশ্রমিক খুবই কম পান তাঁরা। দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পেরে উঠতে পারছেন না তাঁরা। ধার দেনা বেড়ে যাচ্ছে। এই সময়ে মনসা পুজো বড় আকারে হয় পুরুলিয়ায়। সেখানে পুজোর আয়োজনে খরচ রয়েছে। এই পরিস্থিতিতে বকেয়া অন্তত এক মাসের টাকা না পেলে কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান জানান, এক মাসের বেতন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি আরেক মাসের বেতন দেওয়ার। বর্তমানে ফান্ডে টাকা না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “যাঁরা এঁদের কর্মবিরতিতে ইন্ধন যোগাচ্ছেন তাঁরা জানেন না যে পুরসভা আর্থিক সংকটে রয়েছে। সহযোগিতা যাঁদের করার কথা তারা আইন নিয়ম না মেনে অসহযোগিতা করছে। পানীয় জল, স্বাস্থ্য, সাফাই বিভাগ জরুরি পরিষেবার মধ্যে। অথচ কাজ বন্ধ করা হয়েছে। এবার এঁদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে ব্যবস্থা নেবে পুরসভা।”
পুরপ্রধান জানান, পুরসভার নিজস্ব তহবিল শূন্য। হাডকোতে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে। ১২ লক্ষ টাকা ঋণ নিতে হয়েছে খরচ চালানোর জন্য। আজই বিকেলে জরুরি ভিত্তিতে কাউন্সিলরদের ডেকে বৈঠক করেন পুরপ্রধান।

