আমাদের ভারত, ১২ ডিসেম্বর:হিন্দুরা বছরের পর বছর শুধু অপমানিত হয়েছে। অবমাননায় পড়ে থেকেছে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসের সমস্ত স্থানগুলি। মোদী সরকার ক্ষমতায় আসার আগে কেউ হিন্দুদের হারানো গৌরব ফেরাতে বিন্দুমাত্র আগ্রহী ছিল না। আগে মানুষ মন্দিরে যেতে অস্বস্তিতে পড়তো। কিন্তু মোদী সরকারের হাত ধরে দেশে নতুন যুগের সূচনা হয়েছে। শনিবার আমেদাবাদের উমিয়াধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে গিয়ে এভাবেই নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসের স্থানগুলির অবমাননা হয়ে এসেছে। ২০১৪ সালে মোদী সরকার নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে সরকার গড়ার আগে হিন্দুদের গৌরব বজায় রাখার কেউ কোনও চেষ্টাই করেনি।
মন্দিরের শিলান্যাস করে তিনি বলেন, “আজ মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার মুহূর্তে আমি মনে করিয়ে দিতে চাই মোদীজি আমাদের আস্থা আর বিশ্বাসের কেন্দ্রস্থলগুলির পুনরুদ্ধার করার কাজ শুরু করেছেন।” একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, কাশী বিশ্বনাথ মন্দির যেটি ঔরঙ্গজেব ধ্বংস করে দিয়েছিলেন, তার পুনর্নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বোধন করছেন। তাঁর কথায়, মন্দির শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের জায়গা নয়, এটি বহু মানুষের কাছে জীবনের যন্ত্রণাকে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার, বিশ্বাস অর্জনের একটি কেন্দ্র।

