আমাদের ভারত, ২৬ ডিসেম্বর:অন্যান্য ধর্ম থেকে হিন্দু ধর্মে আনার ব্যাপারে ধর্মীয় ব্যক্তিত্বদের আরও বেশি করে সচেষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও সাংসদ তেজস্বী সূর্য। শনিবার কর্নাটকে বিশ্ব প্রণাম কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তার মতে যেভাবেই হোক ধর্মান্তকরণ যেমন আটকাতে হবে তেমনি হিন্দু ধর্ম ছেড়ে যাওয়াদের হিন্দু ধর্মে ফেরাতে হবে।
তেজস্বীর কথায়, “ধর্মান্তকরণ আটকাতেই হবে। তার সঙ্গেই হিন্দু ধর্ম থেকে যারা অন্য ধর্মে চলে গিয়েছেন তাদের অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় হিন্দুধর্মে ফিরিয়ে আনতে হবে”। তার দাবি ঘরওয়াপসি ছাড়া অন্য কোন পথ নেই। তেজস্বী সূর্য বলেছেন, সেক্যুলারিজম হিন্দু ধর্মের ওপর প্রভাব ফেলেছে। এর ফলে মুসলিম খ্রিস্টানদের অত্যাচার বেড়েছে। তার কথায়, “আমরা এদেশে রাম মন্দির তৈরি করেছি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়েছে। এবার তার আহবান পাকিস্তানের মুসলিমদেরও হিন্দুধর্মের আনা দরকার। ঘর ওয়াপসি চালু করতে হবে। কারণ আখন্ড ভারতের মধ্যে পাকিস্তানও পড়ছে।
তিনি বলেন এই কাজের জন্য মঠ-মন্দির কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। তার অভিযোগ, কমিউনিজম এবং উপনিবেশিকতা হিন্দুধর্মকে দুর্বল করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য কর্ণাটক সরকার রাজ্য বিধানসভার দিন দুয়েক আগেই অ্যান্টি কনভার্শন বিল এনেছে বিধানসভায়। অন্যদিকে উত্তর প্রদেশে এই আইন বলবৎ হবার পর চলতি মাসে এক অভিযুক্তের জরিমানা ও কারাদণ্ড শাস্তি হিসেবে ঘোষিত হয়েছে।

