সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৭ আগস্ট: পুঞ্চায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক কিশোরীর। পুঞ্চার পাকবিড়রা গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যের সময়। বৃষ্টির সময় ওই কিশোরীর বাড়ি লাগোয়া প্রতিবেশীর বাড়ির দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছিল ওই কিশোরী। সেই সময় আচমকা দেওয়াল ভেঙ্গে তার গায়ের উপর পড়লে সে দেওয়ালের তলায় চাপা পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতা ওই কিশোরীর নাম সঙ্গীতা মাহাতো (১৩)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

ঘটনায় শোক প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনভিপ্রেত দুঃখজনক ওই ঘটনা। যার বাড়ির দেওয়াল পড়েছে তাঁর পাকা বাড়ি রয়েছে। মাটির দেওয়ালটি আগেই ভেঙ্গে দেওয়া উচিৎ ছিল। তাহলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতো না। ওই কিশোরীর পরিবারের সঙ্গে আমরা রয়েছি। সরকারিভাবে যা কিছু সহযোগিতা করার তা করব।”

