রাস্তা পার হতে গিয়ে ইসলামপুরে লরির ধাক্কায় মৃত্যু এক কিশোরীর, আটক চালক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ অক্টোবর: রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত গুঞ্জরিয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই কিশোরীর নাম শ্রীমতি (১৩)। বাড়ি ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। এদিন বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। লরিটি ওই কিশোরীকে ধাক্কা মেরে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটকাতে গেলে লরির চালকের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় স্থানীয় এক ব্যক্তি।

পরে লরিটি ধরে ফেলে এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় লরি ও চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *